
যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁয়ে ফারহানা (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় নিহত ফারহানার বাবা কালাচাঁন মিয়া সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রোববার (২২ মার্চ) সকালে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকার রমজান মিয়ার বাড়ি থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহত গৃহবধূ ফরহানার স্বামী সাগর মিয়া (৩১) পলাতক রয়েছে।
নিহত ফারহানা কুমিল্লা জেলার মেঘনা উপজেলার নলচর গ্রামের কালাচানের মেয়ে ও স্বামী সাগর মিয়া একই জেলার মুরাদনগর উপজেলার রাজা মিয়ার ছেলে সে পেশায় একজন কাপড় দোকানের কর্মচারী। তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া এলাকায় রমজান মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে স্বামী সাগর মিয়া দুই সন্তানসহ স্ত্রী ফারহানাকে নিয়ে ভাড়া থাকতেন। পারিবারিক কলোহ ও স্বামীর পরকীয়াকে কেন্দ্র করে প্রায় সময়ই তাদের মধ্যে কথা কাটাকাটি এবং বিবাদ লেগে থাকতো। ঈদের দিন রাতে তাদের মধ্যে তীব্র মনোমালিন্য সৃষ্টি হয়।
তারা আরও জানান, ঈদের দ্বিতীয় দিন সকালে সাগর মিয়া ঘর থেকে বেড়িয়ে যাওয়ার কিছুক্ষন পর ঘরের দরজা বন্ধ থাকাবস্থায় ঘরের ভেতর থেকে তাদের ছোট সন্তানের কান্নার শব্দ শুনে পাশের ভাড়াটিয়া নিহতের শাশুড়ী দেবরসহ দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় ফারহানাকে দেখতে পান। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত নামিয়ে ফেলেন।
নিহত ফারহানার বোন আনিকা বলেন, কিছুদিন পরপর টাকার জন্য আমার বোনকে তার স্বামী মারধর করতেন। কতদিন আগেও আমরা ২০ হাজার টাকা তাকে দিয়েছি। পরিকল্পিতভাবে আমার বোনকে মেরে ফেলা হয়েছে, এই হত্যার বিচার চাই।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, ফারহানা নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।