
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব বিরোধের জেরে বাড়িতে হামলা, ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
হামলার ঘটনার পরদিন শনিবার (২১ মার্চ) এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় মামলা করেছে।
মামলার বাদী হয়েছে ফতুল্লা থানাধীন পশ্চিম নামাপাড়া এলাকার বাসিন্দা রোজিনা। ৩৮ বছর বয়সী রোজিনা মামলায় লিখেছেন, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি পক্ষের সঙ্গে তাদের জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে আদালতেও একটি মামলা বিচারাধীন রয়েছে।
অভিযোগে বলা হয়, গত ২০ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরে ঢুকে ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।
হামলায় রোজিনা, তার স্বামী আমিন, ভাই ফারুকসহ পরিবারের একাধিক সদস্য আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা তাদের কাছে বিপুল অঙ্কের টাকা দাবি করে এবং টাকা না দিলে বাড়িঘর দখলসহ আরও ক্ষতির হুমকি দেয়। হামলার সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর ও নগদ অর্থ লুটের অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। গত শনিবার এটি মামলা হিসেবে রেকর্ড হয়। মামলায় সাতজনকে এজাহারভুক্ত করে ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
ফতুল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।