1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

রূপগঞ্জে বেতন-বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন ভুঁইয়া ফেব্রিকস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে সড়কের উভয় দিকে যানজট সৃষ্টি হয়।

বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার খাদুন এলাকায় ভূঁইয়া ফেব্রিকসের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

স্থানীয় ও বিক্ষুব্ধ শ্রমিক সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন উপজেলার খাদুন এলাকার ভূঁইয়া ফেব্রিকস পোশাক কারখানায় ৪০০ শ্রমিক কাজ করেন। শ্রমিকদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের বোনাস বকেয়া থাকলেও মালিকপক্ষ তা দিতে টালবাহানা করে আসছিল। বুধবার সকালে তারা বেতন বোনাসের দাবি জানালে মালিকপক্ষ থেকে শ্রমিকদের জানানো হয় বকেয়া বেতন ও ঈদ বোনাস ১৮ মার্চ পরিশোধ করা হবে। এতে ক্ষিপ্ত হয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রাখেন। এর ফলে মহাসড়কে দীর্ঘ ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

এসময় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। প্রশাসনের হস্তক্ষেপে মালিকপক্ষ আগামীকাল ১২ মার্চ বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে পুনরায় কাজে যোগ দেন। এর পরপরই সড়ক স্বাভাবিক হতে শুরু করে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন আহমেদ বলেন, মালিকপক্ষ আগামীকাল শ্রমিকদের বেতন প্রদানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ উঠিয়ে কাজে যোগ দেয়।

এদিকে রূপগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ মহাসড়ক অবরোধে সৃষ্ট যানজট পরিস্থিতি নিরসনে কাজ করছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট