
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতার ছেলের মালিকানাধীন একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে গোদনাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান।
এ সময় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে প্রায় ৯ হাজার ১০০ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদ অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সিফাত গাজী নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত সিফাত গাজী নাসিকের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মন্ডলের ছেলে জাহিদের মালিকানাধীন ওই জ্বালানি তেলের গোডাউনের ম্যানেজার বলে জানা গেছে।