
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দুই বাড়িতে পরিবার দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল দুটি বাড়ি থেকেই লোকজনের হাত পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। বৃহস্পতিবার ভোর রাতে ফতুল্লার ভূইগড় পূর্বপাড়া আল আকসা মসজিদ রোডে ব্যবসায়ী আমজাদ ও কুদ্দুস মিয়ার বাড়িতে এঘটনা ঘটে।
ব্যবসায়ী আমজাদ মিয়া জানান, তিনি ইলেকট্রনিক পণ্যের ব্যবসা করেন। ঈদের বন্ধে শ্যালক হাফেজ সাইফুল্লাহকে বাসায় রেখে স্ত্রী সন্তান নিয়ে কক্সবাজার ঘুরতে গিয়েছিলেন। বৃহস্পতিবার ভোরে বাসা এসে দেখেন সাইফুল্লার হাত পা ও মুখ বাঁধা ঘরের মেঝেতে পড়ে আছে। এরপর তার বাধন খুলে শুনতে পান ভোর রাতে ২০ থেকে ২৫ বছর বয়সের ১৫/১৮ জনের একদল ডাকাত রাম দা হাতে বাড়ির গেইটের তালা কেটে ঘরে প্রবেশ করে। এরপর তারা সাইফুল্লাকে বেঁধে ঘরের আলমারী ভেঙ্গে ৫ ভরি স্বর্ণালংকার ও এক লাখ ১৫ হাজার টাকা নিয়ে যায়। তিনি বলেন, ডাকাত দল পাশের বাড়ি কুদ্দস মিয়ার বাড়িতেও হানা দেয়।
কুদ্দুস মিয়ার ছেলে জোবায়ের হোসেন জানান, দেশীয় অস্ত্র হাতে ডাকাতরা আমাদের দেয়ালের উপর দিয়ে বাড়িতে প্রবেশ করে। এরপর গেটের তালা ভেঙ্গে ঘরে এসে প্রথমে আমার হাত পা মুখ বেঁধে ফেলে। এরপর ডাকাতরা ঘরের আলমারী ভেঙ্গে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে চলে যায়। পরে আশপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে দুই বাড়িতে গিয়ে ঘটনা সম্পর্কে জেনে আসছি। তারা লিখিত অভিযোগ করলে মামলা গ্রহণ করা হবে। এছাড়া ডাকাতদের শনাক্তে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।