
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মোহাম্মদ আলীকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, ফতুল্লা থানা থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে মোহাম্মদ আলী আবারও “ওসমান পরিবারের হয়ে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছেন”।
টিপু তার স্ট্যাটাসে লেখেন, তিনি বিস্মিত যে যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরাই “জনরোষের ভয়ে নির্বাচনে অংশ নিতে ভয় পাচ্ছে”, সেখানে “নামধারী মুক্তিযোদ্ধা, বহুরূপী এবং বহু অপকর্মের খলনায়ক মোহাম্মদ আলী” নির্বাচনে দাঁড়ানোর সাহস দেখাচ্ছেন। তার দাবি— ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর জেলা প্রশাসকের কার্যালয়ে “জয় বাংলা” স্লোগান দেওয়া এবং ওসমান পরিবারকে পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন মোহাম্মদ আলী।
স্ট্যাটাসে টিপু আরও উল্লেখ করেন, ওসমান পরিবারের “ইঙ্গিত ও কৌশলের অংশ হিসেবেই” মোহাম্মদ আলী নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনি জেলা, মহানগর ও ফতুল্লা থানা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীকে মোহাম্মদ আলীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। তিনি জানান, “নারায়ণগঞ্জে রাজনৈতিক, সামাজিক বা প্রশাসনিক কোনো কর্মকাণ্ডে মোহাম্মদ আলীকে দেখা মাত্র প্রতিহত করা হবে।”
টিপু অভিযোগ করেন, মোহাম্মদ আলী এখনো ওসমান পরিবারের “সম্পদ পাহারা দেন”, বর্তমানেও ফতুল্লার উইজডম গার্মেন্টসে সেলিম ওসমানের আসা ও যাওয়ার সহায়তা করেন এবং রাজনৈতিক–প্রশাসনিক তথ্য পরিবারটিকে সরবরাহ করেন। তার দাবি— বিএনপির কোনো নেতাকর্মী যদি মোহাম্মদ আলীর পক্ষে অবস্থান নেয়, তবে তারা “ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ওসমান পরিবারের দালাল হিসেবে বিবেচিত হবেন”।