
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের প্রবেশপথ ও নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সামনে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)।
মঙ্গলবার (৯ জুন) সকালে নগরীর আল্লামা ইকবাল রোড এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সরকারি মহিলা কলেজের প্রধান ফটক, শিক্ষার্থীদের অভিভাবকদের অবস্থানের স্থান এবং আশপাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়।
অভিযানের নেতৃত্ব দেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, “প্রথমে কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য প্রয়োজনীয় রাস্তা ও বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হবে। এরপর জনসাধারণের চলাচলের জন্য সড়কটি উন্মুক্ত করে দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “গেটের পাশে আজ যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে, সেটি নাসিকের নয়, রেলওয়ের সরকারি জমি। সেখানে একটি পরিবার বসবাস করত। তাদের জন্যও সিটি করপোরেশনের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।”
এ সময় উপস্থিত ছিলেন নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নাসিক সূত্রে জানা গেছে, নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় অবৈধ দখল উচ্ছেদ এবং যান ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।