1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ অপরাহ্ন

রূপগঞ্জে যাত্রীবাহী বাসে ছিনতাই, আহত ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফরহাদ মিয়া (২৬) নামে এক যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে মেঘলা বাস সার্ভিসের চালক ও হেলপারের বিরুদ্ধে। এসময় নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় বলেও অভিযোগ পাওয়া যায়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৪টার দিকে ঢাকা-কাঁচপুর সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ফরহাদ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে ও ভুক্তভোগীর বক্তব্যে জানা যায়, ফরহাদ মিয়া দীর্ঘদিন ধরে রূপগঞ্জে অবস্থিত স্ট্রেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে ম্যানেজার হিসেবে কর্মরত। বৃহস্পতিবার রাতে তিনি গ্রামের বাড়ি রংপুর থেকে বাসযোগে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পৌঁছান। পরে রাত সাড়ে ৪টার দিকে গাউসিয়া-কলাবাগান রুটের মেঘলা বাস সার্ভিসে করে গাউসিয়ার উদ্দেশ্যে রওনা দেন।

বাসটি কাঁচপুর এলাকায় পৌঁছানোর পর তিনি লক্ষ্য করেন, বাসটি গাউসিয়ার দিকে না গিয়ে মদনপুরের দিকে যাচ্ছে। এ বিষয়ে হেলপারকে জিজ্ঞেস করলে হেলপার জানায়, রাস্তায় যানজট থাকায় বিকল্প পথে যাওয়া হচ্ছে। কিছুদূর যাওয়ার পর চালকের ইশারায় হেলপার দেশীয় ধারালো চাকু দিয়ে ফরহাদ মিয়াকে জিম্মি করে তার কাছে থাকা নগদ ৯ হাজার ৭০০ টাকা ও দুটি স্মার্টফোন ছিনিয়ে নেয়।

ছিনতাইয়ে বাধা দিলে চালক ও হেলপার মিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে এবং পরে তাকে রাস্তায় ফেলে বাস নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাউসিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় স্থানীয় যাত্রীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। যাত্রীদের অভিযোগ, এর আগেও মেঘলা বাস সার্ভিসের বিরুদ্ধে নানা অনিয়ম ও অপরাধের অভিযোগ থাকলেও প্রভাবশালী মহলের কারণে তারা বারবার পার পেয়ে যাচ্ছে। এতে নিয়মিত যাত্রীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট