যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ারের বিরুদ্ধে দোকান নির্মাণকে কেন্দ্র করে জাফরুল হাসান লিসান নামে এক যুবককে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় যুবদল নেতা আনোয়ারের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ওই যুবক। ২০২৫ সালে সিদ্ধিরগঞ্জে একটি ডাকাতির অভিযোগে যুবদলের ওই নেতার ১০ বছরের কারাদণ্ড হয়েছিল।
গত শনিবার (৬ জুন) সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লিসানের ওপর লোহার তৈরি একটি ধাতববস্তু দিয়ে আঘাত করেন আনোয়ার। হামলার একটি ভিডিও রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতেও দেখা যায়।
থানায় লিখিত অভিযোগে লিসান উল্লেখ করেন, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় নিজস্ব জমিতে দোকান নির্মাণ করতে গেলে একই এলাকার বাসিন্দা মহানগর যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার বাধা দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। গত শনিবার সকালে আনোয়ার ও তার সহযোগীরা আবারও চাঁদা দাবি করে গালিগালাজ শুরু করেন তাকে। এ সময় প্রতিবাদ করতে গেলে আনোয়ার হাতে থাকা লোহার শাবল দিয়ে লিসানকে আঘাত করে জখম করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ৩০০ শয্যা খানপুর হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত