যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিকাশের টাকা তোলাকে কেন্দ্র করে পিকআপের চালক ও হেলপারের মধ্যে সংঘর্ষে একজন মারা গেছে। তার নাম ইমন হাসান (১৮)। তিনি চালকের হেলপার হিসেবে কাজ করতেন। এ ঘটনায় জড়িত সন্দেহে এখলাস উদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমন হাসান সিদ্ধিরগঞ্জ থানার ইসদাইর এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি একটি পিকআপের হেলপার হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপ চালকের বিকাশ অ্যাকাউন্ট থেকে ৮ হাজার ৫০০ টাকা উত্তোলনকে কেন্দ্র করে চালক ও হেলপার ইমনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন ইমন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তালতলা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বলেন, পিকআপ চালকের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনকে কেন্দ্র করে দ্বন্দ্বের সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষে হেলপার ইমন হাসান মারা যান। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত