যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সুমন (২৮) নামের এক ট্রাকচালককে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলার গোকর্ণ গ্রামের নারায়ণের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। ঘটনাটি ঘটেছে ফতুল্লার পঞ্চবটী মেথরখোলা এলাকার পৌর টার্মিনালে।
এ ঘটনায় হাতেম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে পৌর টার্মিনালের চালক ও শ্রমিকরা।
আটক হাতেম ফতুল্লা মডেল থানার মুসলিমনগর এলাকার আলিমুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমন ও হাতেম ফতুল্লার পঞ্চবটী পৌর টার্মিনাল সংলগ্ন বোডবাড়ী এলাকার নুরী মিয়ার বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সুমন ট্রাকচালক এবং হাতেম একই টার্মিনালে অন্য একটি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন। অভিযোগ রয়েছে, হাতেম নিয়মিত ঘরে বসে মাদক সেবন করতেন। এ বিষয়ে সুমন প্রতিবাদ করেন এবং বাড়ির মালিককেও বিষয়টি জানান। এতে হাতেম তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন।
শনিবার সকাল ১০টার দিকে সুমন হেঁটে কর্মস্থলে যাওয়ার সময় টার্মিনালের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা হাতেম পেছন থেকে কাঠের টুকরো দিয়ে তার মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে সুমন গুরুতর আহত হন।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ শয্যা না পাওয়ায় পরে রামপুরার ডেল্টা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
পৌর টার্মিনালের শ্রমিক মো. শুক্কুর মিয়া বলেন, “মাদক সেবনের প্রতিবাদ করায় হাতেম ক্ষিপ্ত হয়ে কাঠের টুকরো দিয়ে সুমনের মাথায় আঘাত করে।”
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, ঘটনাটি জানার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত