যুগের নারায়ণগঞ্জ:
রাজধানীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরে প্রতিবাদী মানববন্ধন করেছেন ইসলামী যুব আন্দোলনের নেতা-কর্মীরা।
শুক্রবার (২২ মে) দুপুর বারোটার দিকে চিতাশাল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলনের কুতুবপুর শাখার সহসভাপতি মুহাম্মাদ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ ওমর ফারুকের সঞ্চালনায় মানববন্ধনে সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলোয়ার হোসেন সাকি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর কবির।
আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়নের সভাপতি হাজী মোহাম্মদ ওয়াসিম উদ্দিন।
বক্তারা রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মুফতি দেলোয়ার হোসেন সাকি বলেন, “রামিসা হত্যাকাণ্ড একটি নির্মম ও ন্যাক্কারজনক ঘটনা। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় এড়িয়ে যাওয়া যায় না।”
তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগেরও দাবি জানান।
তিনি আরও বলেন, “সমাজে অপরাধ, হত্যা ও নৈতিক অবক্ষয় রোধে ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা প্রয়োজন। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশে শরীয়াহভিত্তিক ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে।”
বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে। তাই রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে নিহত রামিসার আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোনাজাতের মধ্যে দিয়ে মানববন্ধনের সমাপ্তি হয়।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত