যুগের নারায়ণগঞ্জ:
শিল্প প্রতিষ্ঠান নির্ভর ফতুল্লা শিল্পাঞ্চলের বিসিক এলাকায় সুমন নিটিং নামের একটি কারখানার ওয়েষ্টেজ মালামাল (ঝুট) নামানোকে কেন্দ্র করে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে ফতুল্লা মডেল থানা পুলিশ উপস্থিত হয়ে ওয়েস্টেজ মালামাল বোঝাই একটি ট্রাক জব্দ করেন।
অভিযোগ উঠেছে, দলীয় শীর্ষ পর্যায়ের নির্দেশ ও প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোপনে ওই কারখানার ওয়েস্টেজ মালামাল নামাতে গিয়ে যুবদলের একটি গ্রুপ স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন।
শুক্রবার (২২ মে) দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে বিসিক এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই বিসিক এলাকার সুমন নিটিং নামের একটি কারখানার ওয়েস্টেজ মালামাল নামানোকে কেন্দ্র করে যুবদল নেতা মশিউর রহমান রনির অনুসারীদের সঙ্গে কৃষকদল নেতা সুমন ও স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মাহমুদের অনুসারীদের দ্বন্দ্ব চলছিল। বড় ধরনের সংঘর্ষ এড়াতে ফতুল্লা থানা পুলিশ ও জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের হস্তক্ষেপে প্রতিষ্ঠানটি থেকে সাময়িকভাবে ঝুট নামানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে অভিযোগ রয়েছে, সেই সিদ্ধান্ত অমান্য করে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি গ্রুপের কর্মী সালাম ও ছাত্রদলের হৃদয় মাদবরের নেতৃত্বে একটি গ্রুপ গোপনে ওই কারখানা থেকে ওয়েস্টেজ মালামাল নামানোর চেষ্টা করে। এসময় সেখানে উপস্থিত ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীরা বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।
সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলমের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে ওয়েস্টেজ মালামাল বোঝাই একটি ট্রাক আটক করে থানায় নিয়ে আসে। পরে উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে বলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে উভয় পক্ষকে সরিয়ে দিলে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।
এ বিষয়ে জানতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে ফোন রিসিভ করলেও বিসিকের ঘটনার বিষয়ে প্রশ্ন শুনে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি আর কল রিসিভ করেননি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, আগের ঝামেলার সময় প্রশাসনের সঙ্গে আলোচনা করে ওই প্রতিষ্ঠান থেকে ঝুট নামানো সাময়িকভাবে বন্ধ রাখতে বলা হয়েছিল। তবে শুক্রবারের ঘটনা সম্পর্কে তিনি পুরোপুরি অবগত নন। তার ভাষ্য, “এটি মূলত ব্যবসায়িক বিষয়, দলের কোনো বিষয় না।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত