যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল ফতুল্লায় আবারও প্রমাণ হলো—কারখানায় শ্রমিকদের জীবনের কোনো মূল্য নেই।
পাগলা রসুলপুর এলাকার সিএসআরএম রোলিং মিল কারখানায় ভাট্টিতে বিস্ফোরণের ঘটনায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন।
আজ বুধবার (২০ মে) দুপুরের এই দুর্ঘটনা নতুন নয়, বরং দীর্ঘদিনের অবহেলা আর দায়িত্বহীনতার ধারাবাহিকতা।
দগ্ধ শ্রমিকরা হলেন মিজান (৪০), সুমন (৩৩), মিলন (৩৫) ও উজ্জ্বল (৩২)। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, তাদের শরীরের ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে।
আপাতদৃষ্টিতে আঘাত কম মনে হলেও, এই ঘটনা বড় বিপদের পূর্বাভাস বহন করছে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, পুরোনো ময়লা লোহা গলানোর সময় হঠাৎ ভাট্টিতে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুনের ফুলকি ছিটকে পড়ে চার শ্রমিকের শরীরে। সহকর্মীরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠালেও, প্রশ্ন থেকে যায়—এই দুর্ঘটনা কি এড়ানো যেত না ?
শ্রমিকদের অভিযোগ আরও ভয়াবহ। তাদের দাবি, এমন বিস্ফোরণ প্রায়ই ঘটে, কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয় না। নেই পর্যাপ্ত সুরক্ষা পোশাক, নেই আধুনিক যন্ত্রপাতি বা সতর্কতামূলক ব্যবস্থা।
এমনকি ছোটখাটো দুর্ঘটনাগুলো গোপন রাখতেই ফায়ার সার্ভিসকে জানানো হয় না—যা এক ধরনের চরম অবহেলা এবং অপরাধের শামিল।
নারায়ণগঞ্জের প্রায় প্রতিটি মিল-কারখানার চিত্র একই। শ্রমিকরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে মালিকপক্ষের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ে না। শ্রম আইন ও শিল্প নিরাপত্তা বিধিমালা যেন কাগজেই সীমাবদ্ধ।
প্রশ্ন উঠছে—আর কত প্রাণহানি বা দগ্ধ হওয়ার ঘটনা ঘটলে কর্তৃপক্ষের টনক নড়বে ?
সংশ্লিষ্ট দপ্তরগুলো কেন নীরব? নিয়মিত তদারকি, কঠোর শাস্তি এবং নিরাপত্তা নিশ্চিত না করলে এই শিল্পাঞ্চল একদিন বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে—এটা এখন সময়ের ব্যাপার মাত্র।
এই ঘটনায় জড়িত কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা এবং সব মিল-কারখানায় বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে সচেতন মহল।
শ্রমিকদের জীবন কোনো পরীক্ষাগার নয়—এটা বুঝতে হবে এখনই। নইলে প্রতিদিনের এই ছোট ছোট আগুনই একদিন ভয়াবহ দাবানলে রূপ মারাত্মক আকার ধারণ করতে পারে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত