যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, “পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর ত্যাগের উৎসব। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে হাজারো মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করবেন। তাঁদের নিরাপত্তা ও নির্বিঘ্নে নামাজ আদায় নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”
মঙ্গলবার (১৯ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদের জামাত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদে আয়োজনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, “ঈদগাহ মাঠে পর্যাপ্ত পুলিশ, র্যাব ও আনসার সদস্য মোতায়েন থাকবে। সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে। যানজট এড়াতে ঈদগাহসংলগ্ন সড়কে নির্দিষ্ট সময়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে, যাতে কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়। সব রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং ওলামায়ে কেরামের সহযোগিতায় এবারের ঈদের জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।”
তিনি বলেন, “ঈদের দুই দিন আগে থেকেই ঈদগাহ মাঠে মাইকিংয়ের মাধ্যমে মুসল্লিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। অজুর জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা ও অস্থায়ী টয়লেট স্থাপন করা হবে। পরিচ্ছন্ন ঈদগাহ উপহার দিতে সিটি করপোরেশনকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই মিলে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করব—এটাই আমাদের প্রত্যাশা।”
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিফাত উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ, মহানগর জামায়াতে ইসলামীর আমীর আবদুল জব্বার, ইসলামী আন্দোলন মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সভায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ঈদের জামাতের ইমাম নির্বাচন, ঈদগাহ মাঠের পরিষ্কার-পরিচ্ছন্নতা, অজু ও নামাজের স্থান প্রস্তুত, নিরাপত্তাব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ, মাইক ও বিদ্যুৎ ব্যবস্থা, জরুরি চিকিৎসাসেবা এবং বৃষ্টি হলে বিকল্প ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি এসব বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্তও নেওয়া হয়।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত