যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা নিউটাউন আবাসিক এলাকায় পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে নুরুদ্দিন হাওলাদার (৩২) নামে এক বাড়ি নির্মাণ ঠিকাদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গঙ্গানগর এলাকার আব্দুর রব এবং তার দুই ছেলে হৃদয় (২৮) ও শুভ (২২)-এর বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের পরিবার।
রোববার (১৭ মে) ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুদ্দিন। এর আগে বৃহস্পতিবার বিকেলে হামলার শিকার হওয়ার পর তাকে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
নিহত নুরুদ্দিন হাওলাদার ভোলা জেলার পশ্চিম ইলিশা উপজেলার মালেরহাট গ্রামের সেলিম হাওলাদারের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলার মেঘনা নিউটাউন আবাসিক এলাকার সোহেল মিয়ার বাড়ির নিচতলায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের স্ত্রী মাহমুদা আক্তার জানান, প্রায় দুই বছর আগে তার স্বামী আব্দুর রবের বাড়ির নির্মাণ কাজের ঠিকাদারি করেন। কাজ শেষ হওয়ার পর পাওনা টাকা পরিশোধ না করে বরং আরও কাজ করার জন্য দীর্ঘদিন ধরে চাপ ও হুমকি দিয়ে আসছিল আব্দুর রব ও তার দুই ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের ভাই মিজান রহমান বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আব্দুর রব ও তার দুই ছেলে মোটরসাইকেলে এসে নুরুদ্দিনকে বাসা থেকে ডেকে সামনের রাস্তায় নিয়ে যায়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে হৃদয় পকেট থেকে সুইচ গিয়ার বের করে নুরুদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তার বুকের ডান পাশে গুরুতর আঘাত লাগে। পরে অভিযুক্তরা মোটরসাইকেলে পালিয়ে যায়।
তিনি আরও জানান, দ্রুত আহত নুরুদ্দিনকে হাসপাতালে নেওয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, বুকের ডান পাশে গভীর ছুরিকাঘাতই মৃত্যুর প্রধান কারণ।
স্থানীয়রা জানান, নুরুদ্দিনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাত্র সাড়ে তিন মাস বয়সী সন্তানকে নিয়ে নিহতের স্ত্রীর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। দিনের বেলায় প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সোনারগাঁও থানা এর তদন্ত ওসি জামাল হোসেন বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত