1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয় মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

সোনারগাঁয় মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
কুমিল্লার দাউদকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনার জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে শুক্রবার সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

শুক্রবার (১৫ মে) সকাল থেকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ যানজট দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, মেঘনা টোলপ্লাজা থেকে শুরু হওয়া যানজট মদনপুর বাসস্ট্যান্ড ছাড়িয়ে কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় যানবাহন স্থির থাকায় অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়। বিশেষ করে নারী, শিশু ও দূরপাল্লার যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েন।

মোগরাপাড়া এলাকার বাসিন্দা সুজন মিয়া বলেন, সকাল থেকেই মহাসড়কে তীব্র যানজট ছিল। ঘণ্টার পর ঘণ্টা অনেক গাড়ি একই স্থানে দাঁড়িয়ে ছিল। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

চট্টগ্রামগামী ট্রাকচালক আব্দুর রহিম বলেন, টঙ্গী থেকে মাল নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছি। কিন্তু মোগরাপাড়া এসে এক ঘণ্টার বেশি সময় ধরে যানজটে আটকে আছি। শুনেছি দাউদকান্দিতে একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছে। কখন যান চলাচল স্বাভাবিক হবে, জানি না।

কুমিল্লাগামী যাত্রী সিমা আক্তার বলেন, আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলাম। কিন্তু মোগরাপাড়া এলাকায় এসে দুই ঘণ্টার বেশি সময় ধরে যানজটে আটকে আছি। কখন গন্তব্যে পৌঁছাতে পারব, বুঝতে পারছি না।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, গভীর রাতে দাউদকান্দি এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে। এর প্রভাব সোনারগাঁ অংশ পর্যন্ত এসে পড়ে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় কিছু চালক গাড়ির ভেতরেই ঘুমিয়ে পড়েছিলেন। তাঁদের গাড়ি সরিয়ে নিতে বলা হচ্ছে। অল্প সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট