যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাচীন পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সংস্কৃতিকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম নগরী সংলগ্ন পঙ্খিরাজ নদীর সামনে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ঐতিহাসিক পানাম নগরীকে ঘিরে প্রবহমান এই পঙ্খিরাজ নদী ছিল প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। একসময়ের খরস্রোতা এই নদীটি এখন দখল আর দূষণে মৃতপ্রায় খালে পরিণত হয়েছে। নদীটি দ্রুত পুনঃখনন ও অবৈধ দখলমুক্ত করে এর প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনা জরুরি।
সংগঠনটির আহ্বায়ক কবি ও সংস্কৃতিকর্মী শাহেদ কায়েসের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কমিটির সদস্যসচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন। আরও বক্তব্য দেন সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা মতিউর রহমান, উদীচী শিল্পীগোষ্ঠী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান শামসুর রহমান, সাংবাদিক আরিফুর রহমান প্রমুখ।
বক্তারা আরও উল্লেখ করেন, পঙ্খিরাজ নদী সোনারগাঁয়ের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। নদীটি বিলুপ্ত হয়ে গেলে এই অঞ্চলের পরিবেশ ও ঐতিহ্য অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। তাই সরকারের কাছে অবিলম্বে নদীটি সংস্কারের জোর দাবি জানানো হয়।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত