যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে দুটি মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু রেখে আলোচনায় এসেছেন দুই খামারি। সেই ধারাবাহিকতায় এবার আত্মীয়তার সম্পর্ককে কেন্দ্র করে ‘সালা-দুলাভাই’ নামের দুই গরু ঈদের আমেজ নতুন মাত্রা যোগ করেছে।
কোরবানির আর মাত্র কয়েক দিন বাকি। কোরবানির ঈদ সামনে এলেই দেশের বিভিন্ন পশুরহাট ও খামারে দেখা যায় নানা ব্যতিক্রমী আয়োজন। ক্রেতাদের আকৃষ্ট করতে খামারিরা গরু বা মহিষের নাম রাখেন নানা ঢঙে। কখনও বাহুবলী, কখনও ডন, আবার কখনও আন্তর্জাতিক তারকা কিংবা রাজনৈতিক ব্যক্তিত্বদের নামেও রাখা হয় পশুর নাম।
তবে এবার নারায়ণগঞ্জে এক খামারে দেখা মিলেছে একেবারে বাঙালি পারিবারিক সম্পর্কের মজার দুই চরিত্র— ‘সালা’ ও ‘দুলাভাই’। আর এই দুই গরুকে ঘিরেই এখন সরগরম পুরো এলাকা।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় অবস্থিত আর কে এগ্রো ফার্ম লিমিটেডে রাখা হয়েছে আলোচিত এই দুই গরু। নাম শুনেই হাসিতে ফেটে পড়ছেন দর্শনার্থীরা। কেউ বলছেন, একজন ছাড়া আরেকজন অসম্পূর্ণ, আবার কেউ মজা করে বলছেন, দুলাভাই কিনলে সালা ফ্রি দিতে হবে।
এমন হাস্যরস আর খুনসুটিতে জমে উঠছে খামারটি। খামারে গিয়ে দেখা যায়, সকাল থেকে রাত পর্যন্ত ভিড় করছেন নানা বয়সি মানুষ। পরিবার-পরিজন নিয়ে অনেকে শুধু গরু দেখতে নয়, নামের কারণ জানতে আসছেন। দুই গরুর সামনে দাঁড়িয়ে ছবি তোলা, ভিডিও ধারণ আর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভও করছেন অনেক দর্শনার্থী।
বিশেষ করে তরুণদের মধ্যে ‘সালা-দুলাভাই’ জুটি নিয়ে চলছে দারুণ উন্মাদনা। কেউ বানাচ্ছেন ফেসবুক রিলস, কেউ টিকটক ভিডিও। অনেকে আবার মজার ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন। ফলে খামারটি এখন স্থানীয়ভাবে একপ্রকার বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে।
দর্শনার্থী মো. শাওন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সালা-দুলাভাই’ নাম শুনে কৌতূহল হয়েছিল। পরে পরিবার নিয়ে খামারে এসে দেখি সত্যিই দুটি গরুর এমন নাম রাখা হয়েছে। নাম শুনেই হাসি চলে আসে। ঈদের হাটে এবার একটু ভিন্ন রকম আনন্দ পাওয়া যাচ্ছে। আমরা গরুর সঙ্গে ছবি তুলছি, ভিডিও বানাচ্ছি, পুরো পরিবেশটাই উৎসবমুখর।
সুমাইয়া আক্তার নামে এক দর্শনার্থী বলেন, প্রতিবছর গরুর হাটে বড় বড় গরু দেখি, কিন্তু এমন মজার নাম আগে শুনিনি। বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছে। আমার ছোট ভাই তো গরু দুটোর সামনে দাঁড়িয়ে বারবার বলছিল— ‘সালা কোনটা, দুলাভাই কোনটা’। বিষয়টা খুবই ভালো লেগেছে।
আরেক দর্শনার্থী ইমরান হোসেন বলেন, এখন শুধু গরুর ওজন বা দাম দেখলেই হয় না, মানুষ একটু ব্যতিক্রম কিছু চায়। এই খামারে এসে মনে হলো ঈদের আমেজের সঙ্গে হাসি-ঠাট্টাও যোগ হয়েছে। নাম দুটো শুনেই সবাই মজা করছে।
দর্শনার্থী মারিসা মৌ বলেন, খামারে ঢুকেই দেখি মানুষ ভিড় করে ছবি তুলছে। পরে জানতে পারলাম গরুর নাম সালা আর দুলাভাই। নামের কারণ শুনে আরও ভালো লাগল। এমন ব্যতিক্রমী উদ্যোগ মানুষের মধ্যে আনন্দ তৈরি করে। ঈদের আগে এমন আয়োজন সত্যিই ভালো।
খামার সূত্রে জানা গেছে, গত কোরবানির ঈদের আগে দুই ব্যক্তি এই গরু দুটি খামারে পছন্দ করেন। বাস্তব জীবনে তারাও ‘সালা-দুলাভাই’ সম্পর্কের হওয়ায় মজা করেই গরুর এমন নামকরণ করা হয়। পরে সেই নামই ছড়িয়ে পড়ে এবং ব্যাপক পরিচিতি পায়।
ক্রেতা আসিফ হোসেন ভূঁইয়া (সালা) বলেন, আমরা আসলে মজার ছলেই গরু দুটির নাম রেখেছি ‘সালা’ আর ‘দুলাভাই’। পরে দেখি মানুষ নাম দুটো খুব পছন্দ করেছে। এখন দূর-দূরান্ত থেকে মানুষ শুধু গরু দেখতে নয়, নাম শুনেও খামারে আসছে। আমার কাছের ভাই-বন্ধুরাও বাস্তবে আমাদের সালা-দুলাভাইয়ের সঙ্গে মজা, হাসি-ঠাট্টা করছে। অনেকে ছবি তুলছে, ভিডিও করছে। ঈদের বাজারে মানুষ একটু আনন্দ পাক, হাসিখুশি পরিবেশ তৈরি হোক- এটাই চেয়েছি।
তিনি আরও বলেন, গরু দুটিকে আমরা অনেক যত্ন করে লালন-পালন করেছি। ভালো খাবার ও নিয়মিত পরিচর্যা করা হয়েছে। যারা দেখতে আসছেন, তারাও গরুর স্বাস্থ্য ও গঠন দেখে প্রশংসা করছেন।
আর কে এগ্রো ফার্মের ব্যবস্থাপক মো. নাজির হোসেন এশিয়া পোস্টকে বলেন, মানুষের মধ্যে এখন অনেক চাপ আর ব্যস্ততা। আমরা চেয়েছি ঈদের বাজারে একটু ভিন্নধর্মী আনন্দের পরিবেশ তৈরি করতে। তাই মজার ছলে এমন নাম রাখা হয়েছে। মানুষ খুব ইতিবাচকভাবে নিচ্ছে বিষয়টি।
তিনি বলেন, প্রতিদিন অসংখ্য মানুষ খামারে আসছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। অনেকেই শুধু নাম শুনে কৌতূহলবশত চলে আসছেন। শিশু থেকে শুরু করে বয়স্ক, সবার মধ্যেই আলাদা আগ্রহ দেখা যাচ্ছে।
খামার কর্তৃপক্ষ জানায়, সালা নামের গরুটির ওজন প্রায় ৬২৫ কেজি এবং দুলাভাইয়ের ওজন প্রায় ৬২৮ কেজি। দুই গরুর বয়স প্রায় তিন বছর। তাদের খাদ্য তালিকায় রয়েছে ভুট্টা, সয়াবিন, গমের ভুসি, তিলের খৈল, ধানের কুঁড়া, খড় ও সবুজ ঘাস। নিয়মিত পরিচর্যা ও বিশেষ খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে গরু দুটিকে প্রস্তুত করা হয়েছে কোরবানির ঈদের জন্য।
তবে গরু দুটির দাম প্রকাশ করতে চাননি মালিকপক্ষ।
স্থানীয়দের ভাষ্য, দুলাভাই বেশ শান্ত স্বভাবের হলেও সালা অনেক বেশি চঞ্চল। দর্শনার্থীদের সামনেও তাদের আচরণ নিয়ে চলছে মজার আলোচনা। কেউ বলছেন, বাস্তব জীবনের মতো এখানেও সালা বেশি দুষ্ট।
এর আগে নারায়ণগঞ্জে দুটি মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু রাখাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। সেটি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। সেই ধারাবাহিকতায় এবার সালা-দুলাভাই নামের দুটি গরু ঈদের বাজারে নতুন মাত্রা যোগ করেছে।
বিশেষ করে তরুণদের মধ্যে ‘সালা-দুলাভাই’ জুটি নিয়ে চলছে দারুণ উন্মাদনা। কেউ বানাচ্ছেন ফেসবুক রিলস, কেউ টিকটক ভিডিও। অনেকে আবার মজার ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন। ফলে খামারটি এখন স্থানীয়ভাবে একপ্রকার বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত