
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. আনোয়ার হোসেন নামে এক ভূমি সহকারী কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মদনপুর-আড়াইহাজার সড়কের জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভায় ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় মিরেরটেক বাজার এলাকায় একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।