
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের শিবুমার্কেট এলাকায় গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার প্রচার সম্পাদক শুভ দেব সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে গত ১২ মে রাত ১০টার দিকে। এ ঘটনায় শুভ দেব বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার সময় শুভ দেব তার স্ত্রীকে নিয়ে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় তারা দেখতে পান, একই এলাকার বাসিন্দা রাজকুমার রাজীব (৩৮) গোপনে তাদের ভিডিও ধারণ করছেন। বিষয়টি টের পেয়ে শুভ দেব ভিডিও ধারণের কারণ জানতে চাইলে রাজকুমার মোবাইল ফোন দেখাতে অস্বীকৃতি জানান এবং ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
একপর্যায়ে তার হাত থেকে মোবাইল ফোন নিয়ে দেখা যায়, শুভ দেব ও তার স্ত্রীর আনুমানিক আটটি ভিডিও ধারণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
পরে অনুমতি ছাড়া ভিডিও ধারণের প্রতিবাদ জানিয়ে বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তির কথা বললে রাজকুমার ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ অনুযায়ী, তিনি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং ধাক্কাধাক্কির একপর্যায়ে শুভ দেবের ওপর হামলা চালান। এতে শুভ দেব মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে অভিযুক্ত রাজকুমার এলাকা ত্যাগ করেন।
শুভ দেবের অভিযোগ, হামলার সময় রাজকুমার তাকে ও তার পরিবারকে দেখে নেওয়া এবং হত্যার হুমকি দেন। তিনি আরও দাবি করেন, রাজকুমার অতীতে শামীম ওসমানের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
এ ঘটনায় শুভ দেব প্রশাসনের কাছে তার ও তার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।