যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহত মনিরুল (১৫) ও শুভ (১৫) গুদনাইল বাগপাড়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মঙ্গলবার (১২ মে) ভোর ৬টায় লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, সোমবার (১১ মে) দুপুরে মাদরাসার পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে ডিএনডি লেকে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।
নিহত মনিরুলের বাবা মোহাম্মদ জাকির। তাদের গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পাল্লা গ্রামে। বর্তমানে পরিবারসহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। অপর নিহত শুভ’র বাবা মিজান শিকদার।
তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মরিচ বুনিয়া এলাকায়। শুভ পরিবারসহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় থাকতো।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই নিরস্ত্র মো. মাসুম বিল্লাহ জানান, মঙ্গলবার দুপুরে নাভানা মাঠে ফুটবল খেলার পর পাঁচ বন্ধু মিলে ডিএনডি লেকের বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজ সংলগ্ন স্থানে গোসল করতে নামে। গোসল শেষে তিনজন বাড়ি ফিরে গেলেও মনিরুল ও শুভ নিখোঁজ থাকে।
তিনি আরো জানান, রাতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। বুধবার ভোর ৬টার দিকে স্থানীয়রা লেকের পানিতে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত