
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেছেন, “অন্যান্য জেলার থেকে আমাদের নারায়ণগঞ্জ সবকিছুতে সবসময়ই উপরের দিকে যাচ্ছে। শিল্প কারখানা মালিক, জেলা প্রশাসন ও রাজনীতিবিদদের মধ্যে যে সেতুবন্ধন দেখছি তা আমাদের সম্পর্কে উন্নয়ন ঘটাচ্ছে। পাশাপাশি সমস্যাও অনেক কমে এসেছে। এসব সমস্যা সমাধানে যারা দায়িত্বে আছেন তারা কার্যকর সমাধানে কাজ করবেন।”
রোববার (১০ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শিল্পাঞ্চলে সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন-বোনাস ও ছুটি প্রদান বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “কিন্তু মাঠপর্যায়ে আমাদের কাছে বিভিন্ন সময় শ্রমিকদের দুঃখ-দুর্দশা, বিচারের বিষয় আমাদের কাছে আসে। আমরা তখন প্রোপারভাবে সেটি অ্যাড্রেস করি। ছোট ছোট সমস্যাই অনেক সময় প্রকট আকার ধারণ করে।”
নারায়ণগঞ্জ শহরের বাসিন্দা হিসেবে এ শহরকে বেশি গুরুত্ব দেবার কথা তুলে ধরে রাজীব বলেন, “আমাদের নেতা তারেক রহমান যেমন বলেছেন, সবার আগে বাংলাদেশ, তেমনি আমাদের কাছে সবার আগে নারায়ণগঞ্জ। কে কোন দল, কে কোন ধর্মের সেগুলো বিবেচনায় না এনে নারায়ণগঞ্জের সম্মানার্থে, শিল্প কারখানার উন্নয়নের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে বিগত দিনেও কাজ করেছি, এখনো করে যাবো।”
তিনি আরও বলেন, “যার যার অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করলে এবং প্রাপ্য সম্মান যথাযথভাবে দিতে পারলে আমরা নারায়ণগঞ্জকে অন্য জেলার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে পারব।”
“আগামী দিনে গার্মেন্টস খাতে কোনো সমস্যা থাকবে না। সবাই মিলে কাজ করলে নারায়ণগঞ্জ একটি দৃষ্টান্তমূলক শিল্পাঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হবে,” আশা ব্যক্ত করেন তিনি।
তিনি দল-মত নির্বিশেষে নারায়ণগঞ্জের উন্নয়নে আন্তরিকতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা প্রশাসক রায়হান কবির, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, বিকেএমএই’র সভাপতি মোহাম্মদ হাতেম, সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য মেহেদী হাসান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু প্রমুখ।