যুগের নারায়ণগঞ্জ:
সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত বাসভাড়া আদায় বন্ধ, এলপি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট।
বুধবার (৬ মে) বিকাল ৫টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, বাংলাদেশ জাসদ জেলা সভাপতি সোলেমান দেওয়ান, সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিমল কান্তি দাস এবং বাসদ জেলা কমিটির সদস্য সেলিম মাহমুদ।
সমাবেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস মালিকরা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে ১ মে থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ার কথা থাকলেও বাস্তবে ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা করা হয়েছে, যা নির্ধারিত হারের তুলনায় বেশি।
তারা অভিযোগ করেন, অতীতে ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে সকল অংশীজনের সঙ্গে জেলা প্রশাসনের আলোচনা হলেও এবার শুধু মালিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের প্রতিনিধিদের সঙ্গে কোনো আলোচনা না করায় এ সিদ্ধান্তকে একতরফা ও স্বৈরতান্ত্রিক বলে মন্তব্য করেন তারা।
বক্তারা আরও বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ চরম অর্থনৈতিক চাপে রয়েছে। আবাসিক গ্যাস সংযোগ বন্ধ থাকায় মানুষ এলপি গ্যাসের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এ অবস্থায় গত মার্চ ও এপ্রিল মাসে এলপি গ্যাসের দাম ৫৯৯ টাকা বাড়ানো হয়েছে। বর্তমানে ১২ কেজি এলপি গ্যাসের দাম ১ হাজার ৯৪০ টাকা হলেও ভোক্তাদের আরও বেশি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
এছাড়া বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ বৃদ্ধির প্রস্তাবেরও সমালোচনা করে বক্তারা বলেন, অতীতে ভর্তুকির অজুহাতে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। তারা বিদ্যুতের মূল্য বৃদ্ধির সব ধরনের উদ্যোগ বন্ধের দাবি জানান।
সমাবেশ থেকে অবিলম্বে অতিরিক্ত বাসভাড়া আদায় বন্ধ, এলপি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং বিদ্যুতের দাম না বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত