যুগের নারায়ণগঞ্জ:
প্রাক্তন প্রেমিকের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি মেহবুবা আক্তার। গত মঙ্গলবার (৫ মে) বন্দরের রাজবাড়ী এলাকায় তার উপর হামলা হয় বলে অভিযোগ করেন মেহবুবার।
তিনি বলেন, “আমাদের বন্দর রাজবাড়ী এলাকার বাসীন্দা রাজু আহম্মেদ রাজিব নামে এক ছেলের সঙ্গে আমার কয়েক বছর আগে প্রেমের সম্পর্ক ছিল। তখন তাকে ধাপে ধাপে ৫ লাখ টাকা ধার দিয়েছিলাম। এখন ওর সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। তাই আমি অনেক দিন ধরেই পাওনা টাকা ফেরত চাচ্ছিলাম। গত ৫ মে টাকার জন্যই আমি ও আমার বড় ভাই মাসুদ রাজিবের বাড়িতে টাকা চাইতে যাই। তবে রাজিব আমার টাকা না দিয়ে উল্টো স্ত্রীকে সাথে নিয়ে আমাকে এবং আমার ভাইকে মারধর করেছে।”
গণঅধিকার পরিষদের এই নেত্রী অভিযোগ করে আরো বলেন, “ওরা ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করেছে। এতে মাথার পেছন দিকে বেশ কয়েকটি সেলাই পড়েছে। আমার ভাইও অনেক ব্যাথা পেয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে আমি এই ঘটনার সঠিক বিচার দাবি করছি।”
এ বিষয়ে জানতে অভিযুক্ত রাজু আহম্মেদ রাজিবের সাথে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।
তবে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বলেন, “গণঅধিকার পরিষদের ওই নেত্রী প্রথমে আমাদের এখানে এসেছিলেন জিডি করতে। আমরা জিডি গ্রহণ করার পরও শুনলাম ওই ছেলে তাকে মারধর করেছে। এখন ভুক্তভোগী নারী অভিযোগ করলে আমরা সেটা মামলা হিসেবে গ্রহণ করবো। এবং পরবর্তীতে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত