যুগের নারায়ণগঞ্জ:
নগরীর আমলাপাড়া গার্লস স্কুল এন্ড কলেজকে ঘিরে নানা অনিয়ম, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট পক্ষের কেউ কেউ, আবার অনেকে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
স্থানীয় একাধিক সূত্র জানায়, সহকারী প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড, প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং সহকর্মীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, সাবেক প্রধান শিক্ষক শীতল চন্দ্র দে দায়িত্ব পালনকালে নিলুফা ইয়াসমিনের কিছু প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে নানা ধরনের মানসিক চাপ ও অপপ্রচারের মুখে পড়তে হয়।
একই ধরনের অভিযোগ উঠেছে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাকের ক্ষেত্রেও। অভিযোগ অনুযায়ী, বিভিন্ন প্রশাসনিক বিষয়ে অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকেও অপপ্রচারের শিকার হতে হয়েছে।
আরও অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটি গ্রুপ তৈরি করে শিক্ষকদের মধ্যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে, যার ফলে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে। একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, স্কুলের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাই দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত হোক।
এদিকে অভিযোগ উঠেছে, স্কুলের ম্যানেজিং কমিটির গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ার জন্যও নিলুফা ইয়াসমিন চেষ্টা চালিয়েছেন। তবে এ বিষয়ে তিনি সফল না হওয়ায় ক্ষুব্ধ হয়ে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রতিষ্ঠানের বর্তমান প্রশাসন ও উন্নয়ন কার্যক্রমের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন অভিযোগকারীরা।
বর্তমান এডহক কমিটির সভাপতি আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে স্কুলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টি ও বিতর্ক তৈরির পেছনে ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকতে পারে।
এছাড়া, নিলুফা ইয়াসমিনের সঙ্গে বহিরাগত কিছু ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে। বিশেষ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য সাহারা খাতুন কবরীর৷ ব্যক্তিগত সহকারী (পিএস) আরিফ হোসেনের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে যে, তিনিও এসব বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগগুলোর বিষয়ে নিলুফা ইয়াসমিন জানান,আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। এইগুলা কেউ একজন ইচ্ছে করে করাচ্ছে আমি তা জানি।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত