যুগের নারায়ণগঞ্জ:
মুন্সিগঞ্জের নদীপথে চলাচলরত একটি যাত্রীবাহী লঞ্চে অসুস্থ হয়ে পড়া দুই বছর বয়সী এক শিশুকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার (২৬ এপ্রিল ) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, একইদিন সকালে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে এমভি সম্পদ নামের একটি লঞ্চে করে উন্নত চিকিৎসার জন্য রওনা হন এক ব্যক্তি তার অসুস্থ শিশুকে নিয়ে। দুপুর প্রায় ১২টার দিকে লঞ্চটি চাঁদপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশুটির শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। এ অবস্থায় শিশুটির পিতা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করেন।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিক্যাল টিম দ্রুত হাই-স্পিড বোটে করে ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত কোস্ট গার্ডের বোটযোগে তাকে সদরঘাটে আনা হয়। সেখান থেকে সিভিল যানবাহনের মাধ্যমে শিশুটিকে মায়ের সঙ্গে শ্যামলীর মা ও শিশু হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, নদীপথে যাত্রীদের জরুরি সেবায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত