যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম সড়কের ফুটপাতগুলো থেকে উঠিয়ে দেওয়ার পর পুনর্বাসন ও নির্দিষ্ট একটি সময়ের জন্য ফুটপাতে বসার দাবিতে আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হকাররা। তবে, সমাবেশের এক পর্যায়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ জেলা হকার ঐক্য পরিষদের ব্যানারে চাষাঢ়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন হকাররা। এ সময় তারা পুনর্বাসনের আগে হকার উচ্ছেদের বিরোধীতা করে বিভিন্ন স্লোগান দেন। একইসঙ্গে দিনের নির্দিষ্ট একটি সময় ফুটপাতে বসারও দাবি জানান।
মিছিলটি নিয়ে বঙ্গবন্ধু সড়কের দুই নম্বর গেট পর্যন্ত গিয়ে আবারও চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হন হকাররা। সেখানে বক্তব্য রাখেন হকার নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা হকার ঐক্য পরিষদের সভাপতি আব্দুস সালাম, জাতীয়তাবাদী হকার ইউনিয়ন দলের মহানগর শাখার সভাপতি কেএম মিজানুর রহমান রনি, নারায়ণগঞ্জ হকার ঐক্য পরিষদের সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রনি আহমেদ আপু, আলাউদ্দিন প্রমুখ।
হকাররা বলেন, তাদের ফুটপাত থেকে উচ্ছেদের পর জীবিকা নিয়ে ঝুঁকির মুখে আছেন। পরিকল্পিতভাবে পুনর্বাসনের আগে তারা বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত ফুটপাতে বসে ব্যবসা করারও দাবি জানান।
হকার নেতা আব্দুস সালাম বলেন, “অতীতে পুনর্বাসন করেছে, ঠিক আছে। তবে আজকে যারা হকারদের বিরোধিতা করছে, তারাই আবার হকারদের কার্ড নিয়ে পুনর্বাসনের সময় হকার হয়ে যায়। প্রকৃত হকারদেরকে পুনর্বাসন করতে হবে। এবং আমরা হকাররা যেখানে দোকানদারি করি, ওখান থেকে তালিকা নিতে হবে। অন্যথায় আপনারা কেউ কোনো নেতার কাছে আইডি কার্ড জমা দেবেন না।”
“১৬ দিন যাবৎ আন্দোলন-সংগ্রাম করছি। নাসিক প্রশাসক, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি জমা দিয়েও এ পর্যন্ত কোনো জবাব তারা দেননি। যখন কেউ আমাদের দায়িত্ব নিচ্ছে না, তখন প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন”, যোগ করেন সালাম।
এদিকে, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মূল সড়কে অবস্থান নিয়ে সমাবেশে হকাররা বক্তব্য রাখার বঙ্গবন্ধু সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে এক পর্যায়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশ সদস্যরা হকারদের সড়ক ছেড়ে দিতে বলেন।
এ সময় পুলিশ ও হকারদের মধ্যে তর্কও হয়। এক পর্যায়ে পুলিশের নির্দেশে তারা সড়ক ছেড়ে দেন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত