যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ঢাকা শহরের দুই সিটিতে যেখানে মাত্র ২০ হাজার অটোরিকশার অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে নারায়ণগঞ্জে ১৭ হাজারের বেশি অটোরিকশা রয়েছে, যা শহরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
বুধবার (১৫ এপ্রিল) শহরের নিতাইগঞ্জ পাইকারি ব্যবসা কেন্দ্রে বাংলা নববর্ষের হালখাতা উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের পঞ্জিকা অনুযায়ী আজ হালখাতা অনুষ্ঠিত হচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানা হয়েছে। ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চাবিকাঠি, তাই তাদের ব্যবসা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
নাসিক প্রশাসক আরও বলেন, নারায়ণগঞ্জকে আগামী এক থেকে দুই বছরের মধ্যে একটি বসবাসযোগ্য, চকচকে ও ঝকঝকে শহরে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। গত ২০ বছরে যে উন্নয়ন হয়নি, তা পূরণের চেষ্টা চলছে। তারেক রহমানের নির্দেশনায় উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, শহরকে হকারমুক্ত করতে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং ধাপে ধাপে অন্যান্য সড়কও হকারমুক্ত করা হবে। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ ও অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে।
নতুন সড়ক নির্মাণ, পুরাতন সড়ক সংস্কার, পানি সমস্যা সমাধানসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও জানান তিনি। তিনি বলেন, শহরে মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবার অভাব রয়েছে, তাই একটি চায়নিজ ম্যানেজমেন্টের মাধ্যমে হাসপাতাল স্থাপনের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।
নিতাইগঞ্জ পাইকারি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শংকর সাহাসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত