যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ডাকাত দল পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৪টার দিকে উপজেলার মধুখালী এলাকায় ব্যবসায়ী হাসান মিয়ার বাড়িতে।
ভুক্তভোগী হাসান মিয়া জানান, রাতের শেষ প্রহরে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল রামদা, চাপাতি ও ছুরিসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা তাকে, তার স্ত্রী তন্নী আক্তার এবং মা খুরশিদা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে তাদের হাত-পা বেঁধে ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।
ডাকাতরা আলমারিতে থাকা প্রায় ৭ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার এবং নগদ ৪ লাখ টাকাসহ মোট প্রায় ১১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। লুটপাট শেষে বিষয়টি প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারের দাবি জানিয়েছেন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত