
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাদের আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সুশিক্ষায় গড়ে তুলতে হবে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় বন্দর উপজেলা মিলনায়তনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “শিক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। তাদেরকে শুধু বইয়ের জ্ঞান নয়, বাস্তবমুখী ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা দিতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারে।”
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম খানসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে উপজেলার ১৭টি স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় ১২০ জন শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে অতিথিরা উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।