
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে চিটাগাং রোড ছিন্নমূল হকার্স সমবায় সমিতি।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় চিটাগাং রোডের মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির নেতা আবদুস ছালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি দুলাল সাহা। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সম্পাদক দিলীপ কুমার দাস, মো. বিল্লাল গাজী, আলমগীর হোসেন সুমন, মো. বাচ্চু গাজী, সাইফুল ইসলাম, মো. সাইদুর মেম্বার, মো. ফয়েজ মেম্বার, মো. মাহবুবসহ অন্যরা।
বক্তারা বলেন, চিটাগাং রোড ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে, যার ফলে হাজারো মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে। তারা দাবি করেন, পুনর্বাসনের কোনো ব্যবস্থা না রেখে এ ধরনের উচ্ছেদ অভিযান অমানবিক।
প্রধান অতিথির বক্তব্যে দুলাল সাহা বলেন, হাইকোর্টের রায় অনুযায়ী পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যায় না। তাই সংশ্লিষ্ট সকল পক্ষ—নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও হকার প্রতিনিধিদের নিয়ে আলোচনার মাধ্যমে একটি টেকসই পুনর্বাসন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি।
মানববন্ধন থেকে নেতৃবৃন্দ আরও বলেন, পুনর্বাসন না হওয়া পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের ফুটপাতে বসে জীবিকা নির্বাহের সুযোগ দিতে হবে। পাশাপাশি তারা আশা প্রকাশ করেন, সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে হকারদের পাশে দাঁড়াবে।