যুগের নারায়ণগঞ্জ:
শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় সাত দফা দাবির পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা শাখা।
রবিবার (৬ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জেলা সাধারণ সম্পাদক দীপা নাগ তন্দ্রার সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রগতি বর্মন তমা।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাদেকুল ইসলাম সাদিক। এছাড়া বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি নাদিরা ইসলাম রিয়া ও সাংগঠনিক সম্পাদক সাদিয়া সুলতানা জুথি। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি জয় হাসান।
সমাবেশে বক্তারা বলেন, ৭ দফা দাবি কোনো একক সংগঠনের নয়; বরং এটি জনমানুষের ন্যায্য ও সময়োপযোগী দাবি। জনগণের আকাঙ্ক্ষাকে সংগঠিত করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারা সকল শ্রেণি-পেশার মানুষকে এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্বাক্ষর প্রদান এবং গণপ্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি কর্মসূচি সফল করতে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হওয়ার আহ্বানও জানানো হয়।
সংগঠনটি জানায়, আগামী ১১ মে জেলা প্রশাসকের নিকট সংগৃহীত স্বাক্ষরসহ স্মারকলিপি প্রদান করা হবে।
৭ দফা দাবির মধ্যে রয়েছে- মানসম্মত শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন এবং কোচিং-গাইড বাণিজ্য বন্ধে কার্যকর উদ্যোগ, জাতীয় বাজেটের ২৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ, বেতন-ফি হ্রাস, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণ এবং শিক্ষকদের মর্যাদা ও বেতন-ভাতা বৃদ্ধি, জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত কলেজগুলোতে পর্যাপ্ত শিক্ষক ও শ্রেণিকক্ষ নিশ্চিত করে সেশনজট নিরসন এবং অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধ, নারায়ণগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করা।
এছাড়াও, নারী ও শিশু নির্যাতনের বিচার নিশ্চিত, মাদক-জুয়া-সন্ত্রাস প্রতিরোধ এবং পর্যাপ্ত খেলার মাঠ নির্মাণ, জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন এবং হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও ওষুধের ব্যবস্থা নিশ্চিত করা, শীতলক্ষ্যা নদীকে দূষণমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করারও দাবি জানান ছাত্রনেতারা।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত