
যুগের নারায়ণগঞ্জ;
চব্বিশের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের (এখন কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আগামী ১৯ এপ্রিল শুনানি হবে।
রবিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এ দিন ধার্য করে।
গত ১৯ জানুয়ারি শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন (অয়ন ওসমান) ও ভাতিজা আজমেরী ওসমানসহ পলাতক ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
সেদিন শুনানির পর অভিযোগ আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আদালত। পরে ৪ মার্চ তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আসে ট্রাইব্যুনাল থেকে। তবে, এখন পর্যন্ত শামীম ওসমান বা অপর আসামিদের কেউ গ্রেপ্তার বা হাজির হননি।
শামীম ওসমানসহ আসামিদের বিরুদ্ধে গণঅভ্যূত্থান চলাকালে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ছয় বছরের শিশু রিয়া গোপসহ ১০ জনকে হত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।