
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে লিটন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ এপ্রিল) রাত ৯ টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ পৌরসভার হামছাদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, হত্যার শিকার যুবক সাইনবোর্ডস্থ একটি গাড়ির শোরুমের কর্মচারী ছিলেন। তার সঙ্গে স্থানীয় সাকিব গ্রুপের সঙ্গে পূর্বের দ্বন্দ্ব ছিল। গেলো শনিবার নিহতের সঙ্গে ওই গ্রুপের ঝগড়াও সৃষ্টি হয়। পরবর্তী আজ নিহত পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় গেলে দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়ে হত্যা করেন।
নিহতের শ্বশুর আব্দুর রউফ বলেন, আমার মেয়ের জামাইকে কারা যেনো হত্যা করেছে। ধারণা করছি তার সাথের কোনো বন্ধুের দ্বন্দ্ব ছিল আর তারাই এ কাজ করতে পারেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ জানান, হত্যার শিকার যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা তদন্ত করে বলা যাবে। মামলার প্রক্রিয়া চলছে।