যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি এই মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুস সামাদ সাবেক মেয়র আইভীকে সেলিম মন্ডল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করেছিলেন। আজকের আদেশের পর আইভীর বিরুদ্ধে হত্যাসহ মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হলো।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন অসন্তোষ প্রকাশ করে বলেন, “এই মামলার এজাহারে ডা. আইভীর নাম ছিল না। দীর্ঘ ১১ মাস পর তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।”
উল্লেখ্য, এর আগে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৫টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। এছাড়া আরও ৫টি মামলায় জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে তা স্থগিত করা হয়, যা বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
এর আগে, গত ৯ মে ভোরে নিজ বাসভবন থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তারের পর থেকে ডা. আইভী কাশিমপুর মহিলা কারাগারে বন্দী রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়কার হত্যা মামলাসহ এখন পর্যন্ত মোট ১১টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত