যুগের নারায়ণগঞ্জ:
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এনসিপির সহযোগী সংগঠন যুবশক্তির নেতা সোহাইল ইসলাম ইফতি আহত হয়েছেন। তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে।
মঙ্গলবার রাতে ফতুল্লার নমপার্কের কাছে লিংক রোডে চলন্ত ইজিবাইকে এ ঘটনা ঘটে।
জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার সংগঠক সোহাইল ইসলাম ইফতি জানান, ইজিবাইকে শিবু মার্কেট থেকে লিংক রোড দিয়ে সাইনবোর্ড যাচ্ছিলাম। নমপার্কের বিপরীত পাশে ইজিবাইক পৌঁছলে যাত্রীবেসে দুজন ছিনতাইকারী ছুরি বের করে সঙ্গে কি আছে বের করে দেওয়ার জন্য ভয় দেখাতে থাকে।
তিনি বলেন, একপর্যায়ে ইজিবাইক চালক ওই দুজনকে ছুরিকাঘাত করতে বলেন। এতে তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করার চেষ্টা করে। এ সময় ডান হাতে কয়েকটি ছুরিকাঘাত করে সঙ্গে থাকা মোবাইল ও ব্যবসা প্রতিষ্ঠানের দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে ইজিবাইক থেকে সড়কে লাফিয়ে পড়ে দৌড়ে প্রাণ বাঁচাই। ওই সময় সহযোগিতার জন্য চিৎকার করেও সড়কের আশপাশে কাউকে পাইনি। এরপর বন্ধুদের খবর দিয়ে তাদের সহযোগিতায় হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছি।
তিনি আরও বলেন, মাত্র দুই দিন আগে নমপার্কের একশ গজ দূরে জনতার গণধোলাই একজন ছিনতাইকারীর মৃত্যু হয়। এরপরও ছিনতাইকারীদের উপদ্রব কমেনি। একটু বেশি রাত হলেই লিংক রোডটি ভয়ঙ্কর হয়ে উঠে। একা এ সড়ক দিয়ে চলা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড থেকে জেলা কারাগার পর্যন্ত সড়কে প্রতিদিন রাত হলেই ছিনতাইকারীদের খপ্পরে সর্বস্বান্ত হয় পথচারীরা। এমন কোনো দিন নেই ছিনতাই হয় না। এ সড়কে টহল থাকলেও পুলিশের তৎপরতা নেই। এ সড়কে তিনটি চেকপোস্ট ছিল। বর্তমানে একটিও নেই। এতে সড়কটি ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের জন্য নিরাপদ হওয়ায় অপরাধ বাড়ছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, আহত ব্যক্তির কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত