যুগের নারায়ণগঞ্জ:
অনিবন্ধিতভাবে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশে তা সংরক্ষণের দায়ে ফতুল্লার ‘আমিন স্কয়ার বিডি’ নামের এক কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৯ মার্চ) ফতুল্লার নয়ামাটি এলাকায় অবস্থিত ‘আমিন স্কয়ার বিডি’ নামের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়, র্যাব-১১ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
প্রশাসন জানায়, কারখানাটিতে বিএসটিআই লাইসেন্স ছাড়া সেমাই, আর্টিফিশিয়াল ড্রিংক ও এডিবল জেলসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কজাত করা হচ্ছিল।
এছাড়া উৎপাদন ও প্যাকেটজাতকরণের সময় স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ব্যবহার না করেই খাবার প্রস্তুত করা হচ্ছিল। খাদ্যপণ্য অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে সংরক্ষণ, পোড়া তেলের ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদের প্রমাণও পাওয়া যায়।
এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজার নেতৃত্বে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার, র্যাব-১১ নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পরিচালক মো. শামসুর রহমান, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাহজাহান হালদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানের সময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে র্যাব-১১ ও জেলা পুলিশের দুটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত