1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

সোনারগাঁয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হতেই নারায়ণগঞ্জ–৩ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে নারী ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকেই শিশু-কিশোরদের বাসায় রেখে, সংসারের কাজ সেরে ভোটকেন্দ্রে হাজির হন অনেক নারী ভোটার।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে কাজহরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নানাখী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।

নানাখী কেন্দ্রের প্রথমবার ভোট দিতে আসা নারী ভোটার নুসরাত জাহান বলেন, ‘এটাই আমার জীবনের প্রথম ভোট। সকাল থেকে এত নারীকে লাইনে দেখে সাহস পাচ্ছি। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে সেটাই সবচেয়ে বড় স্বস্তি।’

কাজহরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় নারী ভোটার লায়লা খাতুন বলেন, ‘ঘরের সব কাজ সেরে তারপর ভোট দিতে এসেছি। নারীদের ভোট না দিলে নিজেদের অধিকারই প্রতিষ্ঠিত হয় না। তাই লাইনে দাঁড়িয়ে হলেও ভোট দেব।’

একই কেন্দ্রের আরেক নারী ভোটার শিউলি আক্তার জানান, আগের কয়েকটি নির্বাচনে নানা কারণে ভোট দিতে পারিনি। এবার পরিবেশ শান্তিপূর্ণ মনে হওয়ায় সাহস করে ভোট দিতে এসেছি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৩৪৮ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৯১ হাজার ৫৫ জন, যা মোট ভোটারের প্রায় অর্ধেক।

এদিকে ভোটকেন্দ্রগুলোর আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর টহলও দেখা গেছে। নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, নারী ভোটারদের এই ব্যাপক উপস্থিতি ভোটের গ্রহণযোগ্যতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট