
যুগের নারায়নগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট শুরুর আগেই নারায়ণগঞ্জ-৩ আসনের কেন্দ্রগুলোর সামনে জমতে শুরু করে ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় পরিণত হয় দীর্ঘ সারিতে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে নারায়ণগঞ্জ-৩ আসনের মারব্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে ভোটারদের এমন চিত্র দেখা যায়। মারব্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার আবদুল করিম বলেন, আগের অনেক নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার শান্তিপূর্ণ পরিবেশ দেখে আশা করছি নির্বিঘ্নে ভোট দিতে পারব।
একই কেন্দ্রের শিক্ষার্থী ভোটার আরিফ হোসেন বলেন, আমি একজন ছাত্র। নাগরিক দায়িত্ব পালনের জন্য আগেভাগেই ভোট দিতে এসেছি। ভোট দেওয়া আমাদের অধিকার, তাই কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে ভোট দেব। ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নারী ভোটার রাশিদা বেগম বলেন, ভোট দেওয়া আমার নাগরিক অধিকার। পরিবারসহ সকালে আগেভাগেই কেন্দ্রে এসেছি যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারি। দীর্ঘ লাইন থাকলেও ভোট দেওয়ার আগ্রহে দাঁড়িয়ে আছি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৩৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২ হাজার ২৯০ জন, নারী ভোটার ২ লাখ ৯১ হাজার ৫৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। এ আসনে সোনারগাঁ উপজেলা ও সিদ্ধিরগঞ্জ থানার ১ থেকে ১০ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত।
এদিকে ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর টহল দেখা গেছে। নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
নির্বাচন পর্যবেক্ষক ও বিবি আছিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন বলেন,সকালের দিকেই ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। এখন পর্যন্ত কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও সন্তোষজনক। আশা করছি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।