
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, দীর্ঘদিনের অধিকার থেকে বঞ্চিত নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগ করার সময় এসেছে। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হাতপাখায় ভোট দিয়ে জয়যুক্ত করতে সবাইকে আহ্বান জানান তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় চাষাঢ়া শহীদ মিনারে নির্বাচনী জনসভা ও গণমিছিলের সময় তিনি এসব কথা বলেন।
মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সমগ্র দেশবাসী অধীর আগ্রহে এ নির্বাচনের অপেক্ষায় রয়েছে এবং আশা রাখছি, নির্বাচন কমিশন এবার সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, নগর সহ-সভাপতি মাওলানা হাসান ইমাম মুন্সী, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, আব্দুর রহমান রোমান, আব্দুস সোবহান, আব্দুল মতিন হাবিবী ও মোস্তফা তালুকদার।