
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্ বলেছেন, নির্বাচিত হলে বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমকে আন্তর্জাতিক মানের পর্যটন ও ধর্মীয় কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে আশ্রমের দীর্ঘদিনের গাড়ি পার্কিং সমস্যার স্থায়ী সমাধান ও আবাসন সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সোনারগাঁয়ের বারদী লোকনাথ আশ্রমে আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় গোলাম মসীহ্ আশ্রমের বর্তমান বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়ে কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত শোনেন। তিনি জানান, নির্বাচিত হলে প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণের মাধ্যমে পার্কিং ব্যবস্থার সম্প্রসারণ এবং ভক্তদের জন্য আধুনিক আশ্রয়কেন্দ্র নির্মাণ তার অগ্রাধিকার তালিকায় থাকবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক প্রেস মিনিস্টার (বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি) গোলাম এরশাদ, সোনারগাঁও থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহা. ফারুক মুন্সি, সমন্বয়কারী মাওলানা আবুল কালাম আজাদীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও আশ্রম পরিচালনা কমিটির সদস্যরা। এ সময় প্রার্থীর উদ্যোগ ও আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন আশ্রম সংশ্লিষ্টরা।