
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় এ ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সেখান থেকেই বাগবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসন সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানান তিনি।
নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইলিয়াস মোল্লার অভিযোগ, দুপুর সোয়া ১২টার দিকে মোল্লারচরে তাদের নারী কর্মীদের প্রচারণায় বাধা দেওয়া হয়। খবর পেয়ে তিনি ও তার সমর্থকরা ঘটনাস্থলে গেলে স্থানীয় বিএনপি কর্মীরা তাদের ওপর হামলা চালায়।
ইলিয়াস মোল্লা বলেন, ‘আমাদের নারী কর্মীদের ”জান্নাতের টিকিট” বিক্রি করতে এসেছে বলে হেনস্তা করা হয়। তাদের নেকাব খুলে প্রচারণা চালাতে বলা হয়। সেখানে আমার প্রধান নির্বাচনী এজেন্ট আজিজুল হকের স্ত্রীও ছিলেন। এ নিয়ে আমরা কথা বলতে গেলে বিএনপির কর্মীরা আমাদের ওপর হামলা চালায়।’
এই ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া বলেন, ‘আমাদের প্রার্থীর ব্যানারের সঙ্গে জামায়াতের ব্যানার স্থাপনকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। হামলার কোনো ঘটনা ঘটেনি। ছোট বিষয়কে বড় করে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন জামায়াতের প্রার্থী।’
নারায়ণগঞ্জ-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্স নিয়ে গিয়েছিলেন। উভয়পক্ষই বিষয়টিকে ভুল–বোঝাবুঝি হিসেবে নিয়েছে। তবে জামায়াত বা অন্য কোনো পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ওসি জানান, সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।